[b]ঢাকা:[/b] আজ রোববারের বিতর্কিত নির্বাচনের আগে দেশের নানাস্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত শতাধিক ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বিরোধীজোটে এই নির্বাচন বর্জন করে তা ঠেকাতে হরতাল ডেকেছে। এর মধ্যেই চলছে ভোটগ্রহন।
এ পর্যন্ত রংপুরে পুলিশের গুলিতে ২ জামায়াত কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, নীলফামারীর ডিমলায় পুলিশের গুলিতে শিবির কর্মী জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। গত রাতে ঠাকুরগাওয়ের ভেলাজান এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসার এবিএম যোবায়দুল ইসলাম।
শুক্রবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত  কমপক্ষে ৩৩টি জেলায় ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রায দেড়শতাধিক স্কুল-মাদ্রাসায় আগুন দেয়া হয়। এই বিতর্কিত নির্বাচনের আগে কয়েকদিন ধরেই বিভিন্নস্থানে ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা হচ্ছে।
শুক্রবার রাতে লক্ষীপুর, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, সিলেট, নীলফামারী, ফেনী ও গাইবান্ধা সজ বিভিন্ন জেলায় ভোটকেনন্দ্র হিসেবে ব্যবহার হবার কথা এমন স্কুলের আগুন দেয়ার ঘটনা ঘটে।
রাজশাহীর চারঘাট থানার ওসি গোলাম মোর্তজা বলেছেন, তার থানায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে - যার মধ্যে দুটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবার কথা।
তিনি বলেন, "আগুনে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারে কোন সমস্যা হবে না।"
লক্ষীপুরের জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, তার জেলায় কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে তবে কেন্দ্র পরিবর্তন করার দরকার হবে না। এ ঘটনার পর জেলায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ ঢাকায় এক সংবাদ সম্মেলনে কোন সংখ্যা উল্লেখ না করে বলেছেনন, কিছু ভোট কেন্দ্রে আগুন লাগানোর খবর তারা পেয়েছেন, তবে বেশিরভাগই মেরামত করা হচ্ছে এবং সেখানে ভোটগ্রহণ করা যাবে।
শেষ মুহুর্তে হয়তো দু-একটি কেন্দ্র পরিবর্তন করে কাছাকাছি অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
[b]তারেক রহমানের ভিডিও বার্তা:[/b]
এ নির্বাচনকে কেন্দ্র করে বাংলোদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সঙ্কট দেখা দিয়েছে।
প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোট নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল - যা সরকার মেনে নেয় নি। প্রধান বিরোধীদলগুলো এ নির্বাচন বয়কট করার ফলে তিনশ আসনের জাতীয় সংসদের অর্ধেকের বেশি আসনেই প্রার্থী মাত্র একজন হওয়ায় ভোটগ্রহণের আগেই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে।
এ নির্বাচন ঠেকাতে বিএনপি-নেতৃত্বাধীন ১৮-দলীয় বিরোধীজোট অবরোধের পাশাপাশি শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান - যিনি গত কয়েক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন - এক ভিডিও বার্তা প্রকাশ করে তার ভাষায় 'এই প্রহসনের নির্বাচন বর্জন' করার আহ্বান জানিয়েছেন।
২২ মিনিটের ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, আজ 'ঐক্যবদ্ধভাবে এবং সর্বশক্তি দিয়ে এই সরকার ও প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার' সময় এসেছে।
[b]চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি:[/b]
এ নির্বা্চনের বিরুদ্ধে বিরোধী জোটের অবরোধের পাশাপাশি শনিবার থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সহিংসতা ছাড়াও লালমিনরহাট ও দিনাজপুরে দু'জন নিহত হয়েছ।
এর মধ্যেই চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি।
ঢাকায় নির্বাচন কমিশন বলেছে, নাশকতার বিষয় বিবেচনায় রেখে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ, র্যা ব, বিজিবি এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
[b]নির্বাচনের প্রস্তুতি: ব্যালটবাক্স নেয়া হচ্ছে[/b]
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, কমিশন শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে। জায়গায় জায়গায় ব্যালট পেপার পৌঁছে গেছে বলেও জানিয়েছেন তিনি।
জাবেদ আলী বলছেন, তারা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।
৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছিল নভেম্বর মাসের শেষ দিকে।
তবে এই নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে।
একইসঙ্গে খালেদা জিয়া এই নির্বাচন বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অবরুদ্ধ বা আটক নন।