[b]ওয়াশিংটন:[/b] লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে গুয়ানতানামো বে’র এক সাবেক বন্দি জড়িত বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট জানায়,ইসলামী সশস্ত্র সংগঠন আনসার আল-শরীয়ার প্রধান আবু সুফিয়ান বিন কুমুর নেতৃত্বে মিলিশিয়ারা মার্কিন দূতাবাসের হামলায় অংশ নেন। ২০১২ সালের ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন।
পত্রিকাটি জানায়,মার্কিন কর্মকর্তারা আগামীতে দেরনা,বেনগাজি ও লিবিয়ার প্রতিবেশী তিউনিশিয়ার পশ্চিমে সংগঠনটির তিনটি শাখাকে বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠি হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা করেছেন।
পত্রিকাটি আরো জানায়,কুমু ছাড়াও অপর দুই মিলিশিয়া নেতা আহমদ আবু খাত্তালা ও সাইফুল্লাহ বিন হাসিনকেও ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে।’
প্রত্যক্ষদর্শীরা মার্কিন কর্মকর্তাদের জানান,২০১২ সালের ১১ সেপ্টেম্বরের হামলার আগে কুমুর লোকরা দেরনা থেকে কয়েক ঘণ্টা গাড়ি চালিয়ে বেনগাজিতে প্রবেশ করেন।
পত্রিকাটি জানায়,তারা পূর্বপরিকল্পিত এ হামলার জন্য সেখানে এসেছিলেন কি না তা এখনো নিশ্চিত হয়নি। প্রসঙ্গত, ৫৪ বছর বয়সী লিবিয়ান নাগরিক কুমুর বাড়ি দেরনায়।
২০০১ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে তালেবানদের পতনের পর কুমু তালেবানদের পক্ষে লড়াই করেন। এরপর তিনি পাকিস্তান পালিয়ে গেলে পেশোয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর যুক্তরাষ্ট্রের কাছে তাকে হস্তান্তর করা হলে ২০০২ সালের মে মাসে তাকে মার্কিন নৌ ঘাঁটি গুয়ান্তনামোতে পাঠানো হয়।