গোপালগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের মৌলভীপাড়া ও সদর উপজেলার মাঝিগাতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রাম থেকে তিন কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ীরা হলেন:  গোপালগঞ্জ শহরতলীর চর সোনাকুড় গ্রামের মো.  কালু মোল্লা , কালু মোল্লার স্ত্রী পারভীন বেগম ও মোটরসাইকেল চালক সদর উপজেলার কোনাগ্রামের লিটন সিকদার।
এছাড়া জেলা শহরের মৌলভীপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ লিটন  ও রাকিবুল নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের  গ্রেপ্তার করা হয়।
মামলা দায়েরের পর আটককৃতদের জেলা হাজতে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]