বাংলাদেশ সফররত ভারতের সাবেক প্রধান বিচারপতি আলতামাস কবির বলেছেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে "সবার জন্য সুশাসন"-শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
ভারতের বিচার ব্যবস্থার ওপর রাজনৈতিক হস্তক্ষেপ নেই বললেই চলে এমন মন্তব্য করে সফররত এই সাবেক প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন চলছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক প্রধান বিচারপতি বলেন, দেশের সচেতন মানুষকেই ঠিক করতে হবে ন্যায়বিচার কিভাবে নিশ্চিত করবেন। মানুষ ন্যায়বিচার পেতে আদালত পর্যন্ত আসতে সক্ষম না হলে মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌছে দিতে হবে। আর সবাইকে মিলেই এ কাজটি করতে হবে।
আলোচনার শুরুতেই এই সাবেক প্রধান বিচারপতি ঢাকার যানজটের সমালোচনা করে বলেন, ভারতের কলকাতায়ও যানজট আছে কিন্তু ঢাকার মতো এমন যানজট তিনি জীবনেও দেখেননি।
তিনি বলেন, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর ৬৩ বছর পেরিয়ে গেছে। আর এসময়ে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশটির বিচার ব্যবস্থা একটি স্থিতিশীল অবস্থানে পৌছাতে সক্ষম হয়েছে।
বিচারপতি আলতামাস কবির বলেন, একটি দেশে বিশেষ করে যেখানে বেশিরভাগ মানুষ গরীব ও স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত, সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে।    
ভারতের প্রায় প্রতিটি আদালতে বিশেষ করে উচ্চ আদালতে যে কোন মামলা আইনী লড়াইয়ের মাধ্যমে নিষ্পত্তির আগে সমঝোতার মাধ্যমে সমাধানের চমৎকার ব্যবস্থা আছে বলেও জানান আলতামাস কবির। এজন্য আলাদা কক্ষ এবং সমঝোতা করাতে অভিজ্ঞ কর্মকর্তা আছেন। এতে অনেক বিরোধেরই আপোষ রফা হয় বিচার ছাড়াই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও পরিবেশবিদ ড. আইনুন নিসাত। এছাড়া সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুসহ শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের টিকে থাকতে হলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সব রাগ ক্ষোভ জমা করে বাইরের কোন অতিথি আসলে তার সামনে তা প্রকাশ না করে নিজেরাই পূর্ব থেকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন সুলতানা কামাল।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আইনুন নিসাত বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে পরিবেশবান্ধব আইন প্রণয়নের কোন বিকল্প নেই।
[b]ঢাকা, কেবি, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //জেআই [/b]