ষষ্ঠ ধাপের নির্বাচনযোগ্য ২১ উপজেলায় আজ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ  (বুধবার) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠকে বসেছে ইসি কর্মকর্তারা।
বৈঠক শেষে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে ষষ্ঠ ধাপের ২১ উপজেলার নির্বাচনসংক্রান্ত একটি কার্যপত্রও উপস্থাপন করা হয়েছে। কার্যপত্র অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি কিংবা  শেষের দিকে এসব উপজেলায় নির্বাচনের তারিখ নির্ধারন করা হতে পারে।
যে উপজেলাগুলোর তফসিল ঘোষণা হতে পারে সেগুলো  হল- রংপুরের কাউনিয়া, সদর উপজেলা, গঙ্গাচরা ও পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলি, নারায়ণগঞ্জ সদর ও বন্দর, বরিশালের মেহেন্দীগঞ্জ, নেত্রকোনার আটপাড়া, শেরপুরের নকলা, গাজীপুর সদর, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লা সদর দক্ষিণ ও কুমিল্লা আদর্শ সদর, বরগুনার তালতলী (নবগঠিত), পটুয়াখালীর রাঙ্গাবালী (নবগঠিত), রাজবাড়ীর কালুখালী (নবগঠিত), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর (নবগঠিত) ও নাটোরের নলডাঙ্গা (নবগঠিত)।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচনের পাঁচ দফায় ৪৮৭টির মধ্যে ৪৫৮টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে।  
[b]ঢাকা, এএম, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// কেবি[/b]