গাজীপুরে নুরেছা খাতুন নামে এক গার্মেন্ট কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । এছাড়া ইদ্রিস আলী নামে এক গ্যাস মিস্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।  পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গাজীপুর মহানগরীর দীঘিরচালা এলাকার গ্যাস মিস্ত্রি ইদ্রিস গত রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আজ মঙ্গলবার সকালে একই এলাকার সিটি মডেল স্কুলের পেছনের একটি গলিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত ইদ্রিস আলী দীঘির চালা এলাকার রফিজ উদ্দিনের ছেলে। নিহতের ইলা ও ইশা নামের দুই মেয়ে রয়েছে। নিহতের স্বজনদের দাবি পূর্ব বিরোধের জের ধরে ইদ্রিসকে হত্যা করা হয়েছে।
এছাড়া মহানগরের চান্দনা মধ্যপাড়া এলাকা থেকে নুরেছা খাতুন নামে এক গার্মেন্ট কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুরেছা খাতুন ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। নিহত নুরেছা ময়য়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল গ্রামের গার্মেন্টস কর্মী সুজন মিয়ার স্ত্রী।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে ওই গার্মেন্টস কর্মী মারা গেছেন তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
[b]গাজীপুর,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]