[b]ঢাকা: [/b]লিবারেল ডেমোক্রেটিক পার্টি'র (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ দেশবাসীর প্রতি একদলীয় প্রহসনের নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকুন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আরেকবার পৃথিবীকে দেখিয়ে দিন বাঙ্গালী জাতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

এই নির্বাচনকে বাকশালী দমন নিপীড়নকে পাকাপোক্ত, অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া ও বর্হিবিশ্ব থেকে দেশকে পৃথক করার নির্বাচন হিসেবে উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘এমপিদের মধ্যে অনেকে বর্গীর ভুমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের সম্পদের তালিকা দেখলে মনে হয়, এদের অনেকে ভারতের মোগল সম্রাটদের বংশধর।

সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দী করে রেখেছে। বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিস, নয়াপল্টন কেন্দ্রীয় অফিসেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সমগ্র বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কর্নেল অলি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান থেকে বিরত থাকি। আর বিভেদ নয়, জাতীয় ঐক্য গড়ে তোলার এখনি সময়।