ঘন কুয়াশায়ার কারণে বুধবার রাত সাড়ে ৯টা থেকে কাওরাকান্দি-মাওয়া নৌরুটে ফেরিসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পরই কাওরাকান্দি-মাওয়া রুটের পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। কুয়াশা ঘনভূত হলে দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টার দিক ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এসময় মাঝ নদী ও ঘাটে  রো রো ফেরি শাহ মখদুম, বীরশ্রেষ্ট জাহাঙ্গীর, এনায়েতপুরি, কলমিলতা, কনকচাপাসহ বেশ কয়েকটি ফেরি শতাধিক যানবাহন নিয়ে আটকে পড়ে। এসব ফেরিতে থাকা কয়েক হাজার যাত্রী ও শ্রমিক তীব্র শীতের অবর্ণনীয় দুর্ভোগ পোহান।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারি ব্যবস্থাপক আব্দুল বাতেন মিয়া জানান, ঘনকুয়াশার কারণে দু'হাত সামনের পথও দেখা যায় না। তাই ফেরি চলাচল বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ফেরি মাঝ নদীতে আটকে রয়েছে বলেও জানান তিনি।
[b]মাদারীপুর, ২৩ জানুয়ারি (টাইমনিউজ বিডি)/এমআর/এফএ
[/b]