[b]ঢাকা:[/b] আমাদের নির্বাচনের কারণেই সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে। নির্বাচনের পর দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এলেও সংখ্যালঘুদের জীবন স্বাভাবিক হয়নি। এর দ্বায়ভার সরকার,প্রশাসন ও নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য  করেন।
তিনি বলেন, ৫ জানুয়ারী নির্বাচন হয়েছে,সরকারও গঠন হয়েছে। একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সংখ্যালঘুদের ওপর হামলা এটা কাম্য নয়। এর দ্বায় রাষ্ট্র এড়াঁতে পারেনা।
বর্তমান সরকারের মেয়াদ পাঁচ বছর হবে এমন কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই। নতুন মন্ত্রীরা সব উদ্ভট কথা বলছেন। আসলে সরকারের নয় সংসদের মেয়াদ হবে পাঁচ বছর বলে মন্তব্য করেন সুরঞ্জিত।
তিনি বলেন, বিএনপির আন্দোলন লাটে উঠেছে। আন্দোলন করতে হলে কৌশল লাগে। ব্যর্থ হয়ে তারা এখন বিদেশীদের সঙ্গে আলোচনা করছে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন,বিদেশীদের দিকে না তাকিয়ে দেশের মানুষের দিকে তাকান। রাজনীতি করতে হলে জামায়াতের সঙ্গ ত্যাগ করুন।
সংগঠনের উপদেষ্টা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্তরঞ্জন দাস আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী, প্রজম্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।