শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের দুলারচর স্টেশন বাজার ও মোমিন আলী মোল্যার বাজার থেকে ৮০ মণ নিষিদ্ধ জাটকাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।শনিবার তাদেরকে আটকের পর এক বছর করে প্রত্যেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দার।ভেগরগঞ্জ উপজেলা ও সখীপুর থানা সূত্র জানায়, শনিবার সকালে সখিপুর থানার দুলারচর স্টেশন বাজার ও মোমিন আলী মোল্যার বাজার থেকে নিষিদ্ধ জাটকা মাছ নিয়ে তিনটি নছিমনে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন, চরভাগা ইউনিয়নের ছুরির চর গ্রামের মানিক মিয়া (২৫), একই গ্রামের ফয়সাল মাহমুদ (২৬), মানিক হাওলাদার (৩০), হাসান খান (৩২), চরসেন্সাস ইউনিয়নের সামছু হাওলাদার কান্দি গ্রামের মনির হোসেন (২৫) ও জালাল খান (৩০)।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী ও সখিপুর থানা অফিসার ইনচার্জ সমির কুমার সরকার।আটককৃত জাটকা ইলিশ স্থানীয় দরিদ্র অসহায় ও এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]