নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি সুলতান শওকত ভ্রমর।  এরআগে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।
বৃহস্পতিবার বিকেলে ভ্রমরের জামিন সংক্রান্ত কাগজপত্র জেলা কারাগারে পৌঁছলে গোপনে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এমন সময় ভ্রমর মুক্তি পেলেন যখন এ মামলায় চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থা র্যা ব।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের একজন কারারক্ষী নাম প্রকাশ না করার শর্তে টেলিফোনে বলেন, বিকেল ৪টা ৩১ মিনিটে কারাগার থেকে সুলতান শওকত ভ্রমর বেরিয়ে গেছেন। এ ব্যাপারে জেলার ফোরকান অহিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভ্রমর জামিনে মুক্ত হওয়ায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের বাবা ও মামলার বাদি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি বৃহস্পতিবার রাতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্বকী হত্যাকাণ্ড সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে, এমন একটি ঘটনায় স্বীকারোক্তি দেওয়া আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গেল অথচ রাষ্ট্রপক্ষ কেন ব্যবস্থা নিলো না।
গত বছরের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ সকালে ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীর তীর থেকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ