গাইবান্ধা সদর উপজেলার  চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি  মাওলানা মো. আব্দুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রথম বৈঠক শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলার অতিরিক্তি এসপি মোশাররফ হোসেন। মোবাইল ফোনে তিনি জানান, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম জেলা জামায়াতের সেক্রেটারি। তাঁর বিরুদ্ধে পুলিশ হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি দ্রুত বিচার আইনে করা একটি মামলার ওয়ারেন্টের আসামী। সে মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এব্যাপারে জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিম টাইমনিউজবিডিকে বলেন, উপজেলা পরিষদের জনগণ জামায়াতকে সমর্থন দিয়েছে। জামায়াতের ঈর্ষনীয় ফলাফলে আওয়ামী লীগ সরকার পাগল হয়ে গেছে। দায়ের করা মিথ্যা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।
সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা শামসুল ইসলাম জানান, জেলা জামায়াত সেক্রেটারি আব্দুল করিম একজন সফল ইউপি চেয়ারম্যান ছিলেন। সফলতার সাথে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় তিনি ২টি জাতীয় পুরস্কার পেয়েছেন।
এরপর তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। শপথের পর আজ প্রথম কার্যদিবসে অংশগ্রহণ করেন তিনি। ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার  সদর উপজেলায় আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে। সর্বস্তরের জনগণকে হরতাল পালনের জন্য আহ্বান জানান তিনি।
এরআগে জেলার সুন্দরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা মো. আব্দুল মাজেদ ও ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে রংপুরে শপথ নিতে গেলে তাদের গ্রেফতার করে পুলিশ।
[b]ঢাকা, জেইউ, ২৯ এপ্রিল(টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]