সাদা পোশাকে অভিযান চালাতে গিয়ে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় র‌্যাব ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে র‌্যাব সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দেলোয়ার ঢাকার বক্ষব্যাধি  ও নুর নবী  নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র‌্যাব কোম্পানি কমান্ডার এমএম রানা সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনকে গ্রেফতার করতে রোববার রাত ১১টার দিকে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় বন্দুক শাহীন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অনুসারীদের নিয়ে ডাকাত ডাকাত বলে আমাদের ওপর হামলা চালায়। নিজেদের আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যসহ ১২ জন আহত হয়।
এলাকাবাসী জানায়, এলাকার এক বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে ঝগড়ার সূত্র ধরেই র‌্যাবের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
ভাড়াটিয়া তার ভাতিজি জামাই র‌্যাব সদস্য আনোয়ারকে খবর দেয়। আনোয়ার এলাকায় এসে ক্ষমতার দাপটে ভাঙচুর চালায়। এসময় এলাকাবাসী র্যায়ব সদস্যদের প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]