[b]ঢাকা: [/b]জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পরামর্শে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। আগামীকাল জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও শপথ নিবেন।
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দশম নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন।  
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ কালই নিচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, তিনি (এরশাদ) শপথ নেবেন এটি আমরা জানি।
বিরোধী দলের নেতা হতে যাচ্ছেন জানিয়ে রওশন বলেন, দলের চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট। তিনিতো বিরোধী দলের নেতা হতে পারেন না। তবে আমাদের প্রতি তার দোয়া রয়েছে।
নির্বাচনে অংশ গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন ‘দুই নেত্রীর মধ্যে সংলাপ হওয়ার কথা ছিল। জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। ক্ষমতা হস্তান্তরের পর থেকে '৯১ তে আমাদের সবার ওপর অনেক সমস্যা নেমে এসেছিলো। জেলে থেকে গেলেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। চেয়ারম্যান জেলে থেকেই পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন। নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি, জনগণের সঙ্গে কথা বলতে পারেননি, তারপরও পাঁচটি আসনে জয়লাভ করেছেন।’
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদসহ নির্বাচিত এমপিরা উপস্থিত ছিলেন। এদিকে দলের অপর সদস্য জিএম কাদের সেখানে অনুপস্থিত ছিলেন। জিএম কাদের দলে আছেন কিনা জানতে চাইলে রওশন বলেন, তিনি আমাদের সঙ্গেই আছেন। এরশাদ প্রসঙ্গে এক প্রশ্নে রওশন স্পষ্ট কোন জবাব না দিয়ে বলেন, তার শরির খারাপ হাসপাতালে আছেন। সুস্থ হলেই তিনি আমাদের মাঝে ফিরবেন।