রাজশাহী চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে হাবিবুর রহমান ওরফে হবি (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। জানা যায়, মাদক সেবনের প্রতিবাদ করায় মাদকসেবীর হাঁসুয়ার আঘাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হবির বাড়ি উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পাষণ্ডিয়া গ্রামে।
একই ঘটনায় আহত হয়েছেন বাদুড়িয়া গ্রামের মনির হোসেন (৪০)। তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে পাষণ্ডিয়া গ্রামের হবি পার্শ্ববর্তী বাদুড়িয়া বাজারে যান। বাদুড়িয়া স্কুল মাঠে বসে গল্প করার সময় রাত সাড়ে ৯ টার দিকে হবির প্রতিবেশী আবুল হোসেন মাঠে বসে গাঁজা সেবন করছিল। এ সময় হবি গাঁজা সেবন করতে নিষেধ করলে আবুল ক্ষুব্ধ হয়ে তার কাছে থাকা হাঁসুয়া দিয়ে হবির গলায় কোপ দেয়। এর ফলে হবি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ সময় বাদুড়িয়া গ্রামের মনির হোসেন এগিয়ে গেলে আবুল তাকেও হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে মনিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে ঘাতক আবুল হোসেন ততক্ষণে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করেন।  
এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক আবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজশাহী, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ