[b]অ্যাডিলেড:[/b] বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে যোগ দিয়েছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। আর প্রথম ম্যাচেই ব্যাটিং ঝড় দেখিয়েছেন তিনি।
রোববার সিডনি সিংক্সার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সাকিবের দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলীয় মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ফিলিপ হিউজেসরা। দলনেতা হিউজেসও আউট হন মাত্র ১২ রানে।
এরপর নাথান রিয়ার্ডোনের সঙ্গে যোগ দেন সাকিব। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। সিডনি বোলারদেরকে পাত্তাই দিলেন না এই অল রাউন্ডার। তবে দলীয় ১১২ রানে হ্যাজেলউডের বলে স্টিভ ও'কীফির বলে ক্যাচ তুলে দেন তিনি। তবে মাঠ ছাড়ার আগে মাত্র ৩০ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৬ রান করেন সাকিব। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর।
এছাড়া রিয়ার্ডোন ৪৩ রান করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড।