টেকনাফে বিজিবি’র সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জন বিজিবি সদস্য ও ১ জন ইয়াবা ব্যবসায়ী।
শুক্রবার গভীর রাতে টেকনাফের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ী মোঃ ইসমাইলকে (৪৫) আটক করা হয়। সে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া মৃত নুর সুলতানের ছেলে।  
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌলভীপাড়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি’র টহল দল ওঁৎ পেতে থাকে। ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি বর্ষণ করে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।
এতে ইয়াবা ব্যবসায়ী ইসমাইলসহ ৫ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ইসমাইলকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই টেকনাফ হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]