সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ এপ্রিল পর্যন্ত চলতি  অধিবেশন চালবে।
বৃহস্পতিবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো.জয়নাল আবেদীন জানান।
দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে ৫ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
২৯ জানুয়ারি অধিবেশন শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সদস্যদের মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ,ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, জাসদের মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]