[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে সরকারের সহযোগিতায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সবই রয়েছে, নেই শুধু ভোটার।
ঢাকা ৭ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, এ ভোটকেন্দ্রের সামনে শুধু সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী,পুলিং এজেন্ট এবং বিভিন্ন প্রার্থীর সামান্য কিছু কর্মী রয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1388905883.jpg[/img]
এই কেন্দ্রের ভেতরে প্রিজাডিং অফিসার ও ভোট গ্রহণের সব সরঞ্জাম প্রস্তুত থাকলেও নেই ভোটার। মাঝে মধ্যে দেখা মিলছে দু’একজন ভোটারের।
শহীদ আনোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফরিদ উদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়, সোয়ারীঘাট ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সাত শহীদ কমিনিউটি সেন্টার ভোট কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র।এ সকল এলাকার রাস্তাঘাটে লোক চলাচল একেবারেই কম। তবে প্রার্থীদের কিছু কর্মীকে রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে মহড়া দিতে দেখা গেছে।
এদিকে, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ছিল চোখে পড়ার মত এবং ভোটকেন্দ্রের সামনে দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক অবস্থায় দেখা গেছে। যেকোন নাশকতা এড়াতে তারা ছিলেন সদা প্রস্তুত।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1388906003.jpg[/img]
এলাকাবাসী জানান, এটা কোন নির্বাচনই না, এটা সরকারের একটা পাগলামী। সরকার যেটা করছেন সেটা আমরা মেনে নেব না। ক্ষোভ প্রকাশ করে এক নারী জানান আমার ঘরে ১২টি ভোট আছে একটা ভোটও দিব না।
তবে প্রার্থীসহ তাদের নেতা-কর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। অনেক প্রার্থীর কর্মীদের দেখা গেছে তারা রিক্সা করে অনেক ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ঢাকা ৭ আসনে তিন জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক এমপি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন হাজী মো: সেলিম ও ব্যারিস্টার রিয়াজউদ্দিন আহমেদ।