বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৪ উদযাপন উপলক্ষে সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পৌঁছে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এসময় প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।
বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে একইস্থানে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এছাড়া তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন।
বিকেল ৩টায় তিনি টুঙ্গীপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, টুঙ্গিপাড়ায় পিজিআর, এসএসএফ, র্যা ব, পুলিশসহ বিভিন্ন সংস্থার ৬৫০ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]