[b]ঢাকা:[/b] বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সাথে তার বাসায় সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গিবসন রাজধানীর মিন্টো রোডে অবস্থিত মিনিস্ট্রি অ্যাপার্টমেন্টে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে যান। সেখানে তাদের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক হয়েছে বলে জানা গেছে। পরে বিকেল পৌনে ৪টার দিকে গিবসন বের হয়ে যান।
তবে বৈঠক শেষে কেউই কিছু বলেননি। তাই আশরাফের সাথে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গিবসন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সেদিনও খালেদার বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা না বলেই চলে যান গিবসন।