[b]গোপালগঞ্জ:[/b] গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে মারাত্মক আহত লাফজা (৫),আমেনা (৭),লাছমিন (২৮),সাহিদা (৬৫),রিনা (২২), জমিরোন নেছা (৬৫),আশরাফ আলী (৬২),মিন্টু ভূঁইয়া (২৮),সাফিদ খোন্দকার (২৭) ও সেকেন্দার আলীকে (৭০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন,বাটিকামারী গ্রামের পশ্চিমপাড়ার আশরাফ ভূঁইয়া ও প্রতিবেশী সেকেন্দার ভূইয়ার সঙ্গে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
বিরোধ নিষ্পত্তির জন্য বৈঠকে বসে দুইপক্ষ। বৈঠক চলাকালে তর্ক-বির্তকের এক পর্যায়ে আশরাফ ও সেকেন্দারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে  লিপ্ত হয়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন বলেন,এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।