বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরী ঘাটে আগে যাওয়াকে কেন্দ্র করে দু’টি বাসের কর্মচারী এবং যাত্রীদের সাথে সংঘর্ষ হয়। এতে জসিম উদ্দিন নামের এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। শুক্রবার ভোর সাড়ে ৪ টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জসিম উজিরপুর উপজেলার বোহরকাঠী গ্রামের সেকান্দার হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সাকুরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে যশোর থেকে এন.কে ট্রাভেলসের একটি পিকনিকের বাসও কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে লেবুখালী ফেরীতে আগে ওঠা নিয়ে পিকনিক বাসের যাত্রী ও সাকুরা পরিবহনের স্টাফদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় সাকুরা পরিবহনের হেলপার মোঃ জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সংঘর্ষে গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার এস.আই গাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এন.কে ট্রাভেলসের পিকনিকের বাস ও বাসের ৩৩ জন যাত্রীকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]বরিশাল, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]