হাতীবান্ধায় তিস্তা ব্যারেজে নিরাপত্তা কর্মী ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রকৌশলীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
সোমবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিস্তা ব্যারেজ সড়ক অবরোধ করে রাখে ট্রাক শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিস্তা ব্যারেজের মূল ফটক বন্ধ থাকে। সোমবার সকাল ৬টার আগেই কয়েক জন ট্রাক শ্রমিক ফটক খুলে দেওয়ার জন্য চাপ দেয়।।
ওই ব্যারাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী হাফিজুর রহমান রাজি না হলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে ট্রাক শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি ট্রাক ফটক খুলে ভেতরে চলে যায়। এসময় প্রকৌশলী হাফিজুর ধাওয়া করে ট্রাক চালককে আটক করলে আনসারদের সঙ্গে ট্রাক শ্রমিকদের সংর্ঘষ শুরু হয়।
এতে  প্রকৌশলী হাফিজুর রহমান, ট্রাক শ্রমিক ডাবলু ও সাইফুলসহ অন্তত ৫ জন আহত হয়।
এ সময় বিক্ষুপ্ত ট্রাক শ্রমিকরা বড়খাতা নীলফামারী সড়কের তিস্তা ব্যারাজের পূর্ব গেটে অবরোধ করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুপুর ২টার দিকে পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমানের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, প্রকৌশলী হাফিজুর তাদের ২ শ্রমিককে অন্যায়ভাবে আটক করে মারপিট করেন।
তিস্তা ব্যারেজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ট্রাকটি ব্যারাজের নিয়ম ভঙ্গ করে জোরপূর্বক ফটক অতিক্রম করে নীলফামারী যাচ্ছিল। তাই তাদের ধাওয়া করে আটক করা হয়েছে। যা পরে ছেড়েও দেওয়া হয়।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]