ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ,সরাইল ও নবীনগরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি দোকান ও ২টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ আগুন নেভাতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে আশুগঞ্জ শহরের পূর্ববাজার এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মামা হোটেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে বাজারের ২টি হোটেল,১টি কনফেকশনারী,১টি ফলের দোকান,১টি সেলুন ও ৩টি ধান-চালের আড়তের মালামাল পুড়ে যায়।
আশুগঞ্জ ও ভৈরবের ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
এদিকে সোমবার রাত প্রায় ১১টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর বাজারের খান মার্কেটের সাদিয়া সুজ নামক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে ওই মার্কেটের ৬টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।
জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এক ঘণ্টা অভিযাণ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর ও প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া সোমবার গভীর রাতে নবীনগরের শিবপুর ইউনিয়নের সূত্রধর পাড়ায় সুভাষ সূত্রধরের বাড়িতে বৈদুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে দুটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়। এতে নগদ এক লাখ টাকার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ ১৫ জন আহত হয়।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]