ট্রাক ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চকরিয়ার হারবাং কাটাখালী এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ ইদ্রিস (২৫) ও হারবাং পাহাড়তলি এলাকার নুর আহমদের ছেলে হেলাল উদ্দিন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে একটি জিপ গাড়ি লোহাগাড়া যাচ্ছিল। পথে হারবাং দরগাহ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস মারা যান। আহত হন আরো সাত জন। পরে হাসপাতালে নেয়ার পথে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
বাকি আহতদের চকরিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]