যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পাশে রয়েছে। তবে এদেশের সমস্যাগুলোর সমাধান সরকারই করবে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
শনিবার সকালে রংপুর পর্যটন মোটেলে তার উত্তরবঙ্গ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মজীনা।
উত্তরবঙ্গ সফরের অভিজ্ঞতা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানকার নদী ভাঙ্গন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা উত্তরাঞ্চলের জন্য বড় সমস্যা। জালানি ও গ্যাসের অভাবে এখানে শিল্প কারখানা গড়ে উঠছে না। আমার মনে হয় এগুলোর সমাধান করা সম্ভব।
অচিরেই এ সমস্যাগুলোর সমাধান হবে এবং বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মজীনা।
বাংলাদেশের নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড্যান মজীনা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পাশে রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি আমরা জানিয়েছি। তবে এদেশের সমস্যাগুলোর সমাধান সরকারই করবে।
মজীনা বলেন, আমি ৭ দিনের সফরে পাবনা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাট গিয়েছি। রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। বাংলাদেশের গ্রামাঞ্চলগুলো খুবই সুন্দর। ধানে ধানে ভরে গেছে সারা এলাকা। এখানকার কুটির শিল্পগুলো খুবই চমৎকার। আমি শতরঞ্জি পল্লী ঘুরে দেখেছি। কি চমৎকারভাবে তারা এগুলো তৈরি করছে। আমি বুড়িমারী স্থলবন্দরে গিয়েছিলাম, বাংলাদেশের সঙ্গে ভারত ও ভুটানের বাণিজ্য দেখেছি। এখানকার কৃষিপণ্য বিশেষ করে আলু, ভুট্টা ও ধানের বেশ ভালো ফলন হয়েছে। এখানকার আলু বিদেশে রফতানি হচ্ছে। এ এলাকার দুগ্ধ খামারগুলোও আমাকে আকৃষ্ট করেছে। রংপুরের কৃষকরা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন।
তিনি বলেন, আমি পারলে কৃষকদের সঙ্গে দিন কাটিয়ে দিতাম। আমার বাবা ছিলেন কৃষক। বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটাতে পারবে। আমি এজন্য কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে কৃষকদেরও ধন্যবাদ জানাচ্ছি। এখানকার মধু খামারিরা যেভাবে উৎপাদন করছেন, তাতে মনে হচ্ছে, এ মধু থেকে অনেক আয় করতে পারবেন তারা। আমি এখানকার একজন মহিলাকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, তার তৈরি কুটিরশিল্পের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে।
মজীনা বলেন, আমি বাংলাদেশ সম্পর্কে যতোদূর জানতে পেরেছি, দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের কলার রাজধানীতে পরিণত হয়েছে। কলার ক্ষেতগুলো দেখে আমি মুগ্ধ। আমি বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে বেড়াতে চাই। কারণ, বাংলাদেশের যে উন্নয়ন কার্যক্রমগুলো যুক্তরাষ্ট্র চালাচ্ছে সেগুলো সম্পর্কে জানতে চাই।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]