সাভারে  মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার দিবাগত রাত ৩টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের যাত্রী  মো. গোলাম মর্তুজা (৫০) ও আতাউর রহমান (৪৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদরে বলে জানা গেছে।  
পুলিশ জানায়, ৭ জন যাত্রী নিয়ে সিলেট শাহজালাল মাজার থেকে সিরাজগঞ্জে ফিরছিল দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি। রাত ৩টায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির দুই যাত্রী মারা যান। আহত হন আরো পাঁচজন।
সংবাদ পেয়ে স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলেও ঘটনাস্থল থেকে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।  ট্রাকটিকে আটক এবং এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]