বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হয়েছেন।
সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে তিনি এ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন। এসময় তাকে স্বর্ণপদকও দেওয়া হয়।
এ উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য মোট ৬৬ জনকে ‘পদ্মভূষণ’ উপাধি দেওয়া হয়েছে।
‘পদ্মভূষণ’ উপাধি গ্রহণের পর অধ্যাপক আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, এটা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
তিনি বলেন, আমার কাছে এই সম্মান ছিল একেবারেই অপ্রত্যাশিত। ভারত সরকারের এই সম্মান গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত। এরপর আমি নিজেকে আরো বেশি করে সাহিত্য সৃষ্টির কাজে নিয়োজিত করবো।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ভারতের উপরাষ্ট্রপতি ড. হামিদ আনসারি, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]