চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদেশি ছাত্রকে ছুরিকাঘাত করে দু’লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় এ ঘটনা ঘটেছে।
চমেক সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার ওই ছাত্রের নাম তাবিফ দেশ (২৫)। তিনি মালয়েশিয়ার নাগরিক। তাবিফ চমেকের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, তাবিফ বর্তমানে সুস্থ আছে। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরাবাদ আবাসিক এলাকার দু’নম্বরে রোডে বিদেশি ছাত্রদের হোস্টেল থেকে রিক্সায় চড়ে কলেজে যাচ্ছিলেন তাবিফ। তাকে বহনকারী রিক্সা মিমি সুপার মার্কেট ফেলে প্রবর্তক মোড়ের কাছাকাছি পৌঁছলে পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা গতিরোধ করে।
অটোরিক্সা থেকে দ্রুত তিন ছিনতাইকারী নেমে তাকে রিক্সা থেকে নামিয়ে ফেলে। এসময় তারা তাবিফের পকেটে হাত দেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীদের সঙ্গে তাবিফের ধ্বস্তাধ্বস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে দু’লক্ষ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত তাবিফকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকি‍ৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]