ফেনীতে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গোলাম সরওয়ার (৩২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের সূর্য ছড়া (লস্কর তালুক জিরো) পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম সরওয়ার ফেনীর আলী নগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
ফেনীর অতিরিক্তি পুলিশ সুপার সাইফুল হক টাইমনিউজবিডিকে জানান, গোলাম সরওয়ার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ওয়ারেন্ট জারি হওয়া আসামি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ছিনতাইসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ তাকে আটক করতে গেলে সরওয়ার পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও র‌্যাব আত্মরক্ষার্থে গুলি চালালে গোলাম সরওয়ার নিহত হয়।
তিনি আরো বলেন,পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
[b]ঢাকা, [/b][b][b]জিই, [/b]৩০ [/b][b][b]জানুয়ারি [/b](টাইমনিউজবিডি.কম) //এআর [/b]