[b]ঢাকা:[/b] বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশবাসী এ নির্বাচন প্রত্যাখান করেছে; সারাদেশে ‘ভোটারবিহীন’ ভোটকেন্দ্রই তার প্রমাণ।রোববার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ভোটারের উপস্থিতিবিহীন ভোটকেন্দ্রগুলোর প্রকৃত তথ্যচিত্র ইতোমধ্যে দেশবাসীসহ গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। বির্তকিত এই একদলীয় নির্বাচণকে জনগণ ‘না’ বলে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখান করেছে।’’
আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি ‘শান্তিপূর্ণভাবে’ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
এই আন্দোলনে জনগণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে দাবি করে সেজন্য দেশবাসী ও ১৮ দলীয় জোটের নেতা- কর্মীদের অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে। এর পাশাপাশি ভোট ঠেকাতে শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালও করেছে তারা।