হবিগঞ্জের চুনারুঘাটের ত্রিপুরা সীমান্তে তিন বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা।  
শনিবার দিবাগত রাতে ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়্যারম্যান।
নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) ও ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা বলেন, অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এ ঘটনা ঘটে।
বিজিবির বাল্লা বিওপির কোম্পানী কমান্ডার আবু জাফর জানান, রাত সাড়ে তিনটার দিকে ত্রিপুরা রাজ্যের খোয়াই শহর থেকে গরু নিয়ে ফেরার সময় কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। মৃতদেহগুলো এখন সেদেশের জনগণের কাছে রয়েছে।

[b]ঢাকা, ৬ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]