কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় যশোরের অভয়নগর উপজেলা যুবলীগ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দায়িত্বশীল সূত্র জানায়, ২৩ জানুয়ারি অভয়নগরের শংকরপাশা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য কেন্দ্র থেকে স্থানীয় যুবলীগ নেতাদের ব্যাপক প্রস্তুতি নিতে বলা হয়। এজন্য সভাস্থলে টাঙানোর জন্য কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে ১০০টি দলীয় পতাকা পাঠানো হয়। কিন্তু অভয়নগর উপজেলা যুবলীগ পতাকাগুলো সভাস্থলে না উড়িয়ে কেউ মাথায় বাঁধেন, কেউ বা আবার পকেটে রাখেন। এতে সভাস্থলে উপস্থিত যুবলীগের এক কেন্দ্রীয় নেতা ক্ষুব্ধ হন। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরও নজরে আসে। এ ঘটনায় জেলা কমিটি কেন্দ্রের তাৎক্ষণিক নির্দেশে অভয়নগর উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করে।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর বরাত দিয়ে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি পাঠান দফতর সম্পাদক হাফিজুর রহমান। তবে সেখানে পতাকা টাঙানোর বিষয়টি উল্লেখ করা না হলেও দায়িত্বে অবহেলা ও কর্তব্য পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়। এ বিষয়ে অভয়নগর উপজেলা যুবলীগ সভাপতি পৌর কাউন্সিলর আবদুর রউফ মোল্লা জানান, কেন্দ্র থেকে পাঠানো সংগঠনের ১০০ পতাকা নেতাকর্মীরা লাঠির মাথায় বেঁধে ছিলেন। কিন্তু দুপুরের প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষা পেতে তারা সেগুলো মাথায় বেঁধেছিল।
প্রধানমন্ত্রী যখন মঞ্চে আসেন তখনও তারা পতাকা না উড়িয়ে মাথার ওপর দিয়ে রাখেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় যুবলীগই সবচেয়ে বেশি ভ‚মিকা পালন করেছে। লোক সমাগম ঘটানোসহ সার্বিক প্রস্তুতি তারাই সম্পন্ন করেন। অথচ দায়িত্ব অবহেলার কারণে কমিটির কার্যক্রমই স্থগিত করা হল।

[b]ঢাকা: ( ২৬ জানুয়ারি টাইমনিউজবিডি.কম ) // ই এইচ[/b]