বর্তমান সরকারের মেয়াদের শুরুতে বিদ্যুতের দাম বাড়ালে তেমন কোনো অসুবিধা হবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার  সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অন্য দেশের বিদ্যুতের দামের দিকে তাকান। বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে দাম কম আছে। উৎপাদন খরচ তো দিতে হবে। দাম বাড়ল, দাম বাড়ল বলে চিৎকার করলে চলবে না।’
এম এ হান্নানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতে ৩১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। আর ২৫টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে এবং পুরাতন বিদ্যুৎ কেন্দ্র মেরামতেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এছাড়া নিউক্লিয়ারভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আমদানি নির্ভর কয়লা, গ্যাস ও এলএনজিভিত্তিক ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘মহাজোট সরকারের অর্জন অব্যাহত রাখতে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা পাওয়ার সেক্টর মাস্টারপ্লান ২০১০ অনুযায়ী ২০১৬ সালে ১৬ হাজার এবং ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।’
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]