গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম কামরুজ্জামান সরকার নয়ন। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ঘোলদহ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আলমগীর হোসেনের ছেলে।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, কামরুজ্জামান গত ৫ বছর আগে সদরের কুপতলা গ্রামের আবুল মিয়ার মেয়ে শিমু আক্তারকে (২০) বিয়ে করেন। তিনি সোমবার বিকেলে তার শ্বশুরবাড়ি কুপতলা যান। অসুস্থ অবস্থায় রাত ১১টার দিকে তাকে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। সেখানে তিনি মারা যান।
কামরুজ্জামানের চাচা কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম সাজু জানান, দীর্ঘদিন ধরে কামরুজ্জামানের স্ত্রীর সঙ্গে ঝগড়া চলে আসছিল। কামরুজ্জামানকে স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ব্যাপারে তার পরিবার থানায় মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই





