মাদারীপুরে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিশুকার্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভাতা প্রদানের নামে প্রতারণা করার সময় ২ প্রতারককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তারা।  বৃহস্পতিবার বিকেলে এই ২ প্রতারককে গ্রেফতার করা হয়।
রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের রাজা মিয়া (৪৫) দীর্ঘ ৫ বছর ধরে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিশুকার্ড প্রদানের নাম করে গ্রামের সহজ সরল মানুষকে লোভ দেখিয়ে ২ থেকে ৩ হাজার করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো বলে সমাজ সেবা অফিস ও পুলিশ সুত্রে জানা যায়।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী গ্রামে বাড়ৈ বাড়ীতে ভাতা প্রদানের নামে জামানতের কথা বলে ভুয়া কার্ড দিতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় কৌশলে তাকে আটক করে সমাজ সেবা অফিসে খবর দেয়া হয়।
সমাজ সেবা কর্মকর্তারা এসে রাজা মিয়া ও তার সঙ্গী গজারিয়া গ্রামের মজিবরকে আটক করে এবং তাদের নিকট থেকে সোনালী ব্যাংকের নকল চেক, ভাতার তালিকা রেজিস্ট্রার, সোনালী ব্যাংক লেখা এপ্রোন, বিভিন্ন ভাতার পাশ বই ও ভুয়া কার্ড জব্দ করে তাদের থানা সোপর্দ করে । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজ কর্মী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
[b]মাদারীপুর, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]