ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নতুন নিয়োগসহ সচিব পর্যায়ে ৪ কর্মকর্তার দফতর রদবদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইএমইডির সচিব মেজবাহউদ্দিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য সুরাইয়া বেগমকে আইএমইডির সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ওএসডি থাকা সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়।
পদ্মা সেতু দুর্নীতি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে তাকে পদায়ন করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা না থাকায় সোমবার তাকে পোস্টিং দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এ সপ্তাহে শেষ হচ্ছে। নতুন করে তিনি আর চুক্তিভিত্তিক নিয়োগ পাননি।