[b]সিলেট:[/b] ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে সিলেটে ট্রাক শ্রমিকদের সাথে পুলিশের বিতণ্ডা হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করে। প্রতিবাদের মুখে পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কোতয়ালী মডেল থানায় এ ঘটনা ঘটে। প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য হচ্ছে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল মো. হানিফ।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে নগরীর কালিঘাট থেকে একটি ট্রাক কোর্ট পয়েন্টের দিকে যাওয়ার সময় বন্দরবাজার ফাঁড়ির দুই পুলিশ রাজা জিসি হাইস্কুলের সামনে থামিয়ে চালক মুছা মিয়ার কাছে ৫শ’টাকা দাবি করে।
চালক টাকা দিতে অস্বীকার করায় পুলিশ ট্রাকে চোরাচালানের মাল আছে বলে তল্লাশি চালায়। অবৈধ কোনো মাল না পেয়ে তারা পরে দু’শ টাকা দাবি করে। টাকা না পেয়ে ট্রাক থেকে চালক মুছা মিয়া ও হেলপার ফজলুকে নামিয়ে মারপিট করে।
খবর পেয়ে ট্রাক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে কোতোয়ালি থানার সামনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পদস্থ কর্মকর্তাগন তাৎক্ষনিক অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যকে কর্মক্ষেত্র থেকে প্রত্যাহার করে নেন।