বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের রাজধানী নেপিতোয় পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টায় তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ এখানে এসে পৌঁছায়।
২দিনের এই সফরে সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রী পরিষদের সদস্যরা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত ৮টায় মিয়ানমার ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩২ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে নেপিতো হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। দুপুর তিনি দেখা করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে। দুপুর আড়াইটায় নেপিতোয় প্রেসিডেন্ট প্যালেসে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট প্যালেস থেকে সরাসরি মিয়ানমারের জাতীয় সংসদ পরিদর্শনে যাবেন। সেখানে সংসদের স্পিকার শিউ মানের সঙ্গে বৈঠক করবেন।
মিয়ানমারের অবিসংবাদিত নেতা,ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অং সান সুচির সঙ্গে বিকাল ৪টায় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি হবে মিয়ানমারের জাতীয় সংসদ ভবনে। সন্ধ্যায় মিয়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মিয়ানমার প্রেসিডেন্টের দেওয়ার নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
২য় দিনে মিয়ানমারের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ছাড়াও বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি। এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক অন্যতম।
অর্থনৈতিক সহযোগিতাকে সামনে রেখে ১৯৯৭ সালে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত। এটি এই ফোরামের তৃতীয় বৈঠক। ফোরামের প্রথম বৈঠক ২০০৪ সালে ব্যাংককে এবং দ্বিতীয় বৈঠক ২০০৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]