ঢাকা: ১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সামনে রেখে ঢাকায় ঢুকতে মানুষ এবং যানবাহনে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রবেশপথ কাঁচপুর, শনিরআখড়া,পোস্তগোলা ব্রিজ,আব্দুল্লাহপুর এলাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কাউকে সন্দেহ হলেই পুলিশ আটক করছে অথবা গাড়ি ফেরত যেতে বাধ্য করছে। বাদ পড়ছে না মিডিয়ার গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা মোটরসাইকেলও। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করা হচ্ছে।
পোস্তাগোলা ব্রিজের দায়িত্বে থাকা একজন র্যা ব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, সমাবেশ ঘিরে ব্যাপক নাশকতা হতে পারে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। ঢাকার বাইরে থেকে নাশকতাকারিরা আসতে পারে সেজন্যই আমরা তল্লাশি চালাচ্ছি। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার নুরুল আমিন বলেন, সমাবেশের নামে নাশকতা চালানোর জন্য ঢাকার বাইরে থেকে লোক আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি চালাচ্ছি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ সবোর্চ্চ সর্তকাবস্থায় রয়েছে।
আব্দুল্লাহপুরে প্রতিষ্ঠানের কার্ড বা ব্যক্তিগত পরিচয়পত্র ছাড়া কেউকে ঢাকায় প্রবেশ করতে দিচ্ছেনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুল্লাহপুর মোড়ে ব্যারিকেড দিয়ে প্রতিটি মানুষকে তল্লাশি করছে পুলিশ। এ থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স,সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের যাত্রীরাও।
প্রত্যেককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি রয়েছে র্যা ব-বিজিবি। কোনো গাড়ি,এমনকি সন্দেহভাজন সাধারণ মানুষও প্রবেশ করতে পারছেন না ঢাকায়। তবে ঢাকা থেকে যেসব গাড়ি বের হয়ে যাচ্ছে তাদের কোনো বাধা দেওয়া হচ্ছে না।
পথচারীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজনদের পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, রোববার ভোর থেকেই নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়ক,নবীবগর-চন্দ্রা মহাসড়ক ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কসহ রাজধানীতে প্রবেশের একাধিক চেকপোষ্ট বসিয়েছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে তল্লাশি চালিয়ে।