[b]ঢাকা:[/b] দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু ১৬ জানুয়ারি, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি। ডিএসইর নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক্‌করণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ডিএসইর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়ারি। এদিন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টর ইলেকশন রেগুলেশন-২০১৪’ এর অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসই পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। নির্বাচনের মাধ্যমে চারজন শেয়ারহোল্ডার পরিচালক, মনোনয়নের মাধ্যমে সাতজন স্বতন্ত্র পরিচালক, একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর পরিচালক এবং স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে পর্ষদ গঠিত হবে।
ডিএসইর এ নির্বাচন কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ এম শামসুল হক (নির্বাচন কমিশনার), দিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান সেলিম ও মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]