আগামী ২ বছরের মধ্যেই পার্বত্যাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সাজেক ভ্যালিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর (ইসিবি)-এর উদ্যোগে ২৮২ কোটি টাকার চারটি সড়ক ও সেতু নির্মাণ কাজের প্রকল্প উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন,পার্বত্য এলাকার সঙ্গে প্রতিবেশি দেশের  যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পর্যটনভিত্তিক বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। পাশাপাশি ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায় ৪ হাজার কিলেমিটার রিং রোড নির্মাণের প্রক্রিয়া অব্যাহত আছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের প্রসঙ্গে বলেন,সরকার পার্বত্য এলাকার মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে এই মেয়াদেই চুক্তির নব্বই শতাংশ বাস্তবায়ন শেষ করবে। সেজন্য সংশ্লিষ্টরা কাজ করে চলেছেন।
এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,ইসিবির প্রধান মেজর জেনারেল মো. আবদুল কাদির,চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ,খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম,ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল ওহাব,ইসিবির কর্মকর্তা লে. কর্নেল এএসএম ফয়সাল,লে. কর্নেল আরিফ উদ্দিন মাহমুদ,লে. কর্নেল আহমেদ জামিউল ইসলাম,১৯-ইসিবির অধিনায়ক মেজর মোহাম্মদ আজিজুর রউফ,এএসএম তৌহিদুল ইসলাম এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]