বরিশাল মহানগরীর চকবাজার এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধর করা হয়।  
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পানামা ফারুক বরিশাল নগরীর বাজার রোড এলাকায় মো. এয়াকুব আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।  
র‌্যাব-৮ এর পরিচালক লে.কর্নেল ফরিদুল আলম  জানান, ভোরে র‌্যাবের ডিএডি মো. ফারুকের নেতৃত্বে চকেরপুল এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এতে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করলে সন্ত্রাসী পানামা ফারুক নিহত হন। তবে এসময় পানামা ফারুকের সঙ্গে থাকা বাকিদের আটক করা যায়নি।ঘটনাস্থল থেকে ২টি ৬.৫ বোরের পিস্তল, ১টি কাটা রাইফেল, একটি পাইপগান ও ৩টি ধারালো অস্ত্রসহ ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব পরিচালক।
স্থানীয় সূত্র জানায়, পানামা ফারুক দীর্ঘদিন পলাতক থাকার পর একবছর আগে বরিশাল নগরীতে এসে যুবলীগের রাজনীতিতে সক্রিয় হন।
২০১৩ সালের ১৫জুন তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হয়ে লড়াই করে মো. সেলিম হাওলাদারের কাছে পরাজিত হন।
পানামা ফারুকের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ ১০/১২টি মামলা রয়েছে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]