ব্রাহ্মণবাড়িয়ায় পানি উন্নয়ন বোর্ডের টাওয়ার পড়ে আনিসুর রহমান নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের পাইকপাড়াস্থ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার টুকাইবাড়ী ইউনিয়নের মালুগঞ্জ গ্রামের আজু মিয়ার ছেলে আনিছুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ায় নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
দুপুরে কাজ করার সময় পরিত্যক্ত ওয়ারল্যাসের লোহার টাওয়ারটি হঠাৎ ভেঙ্গে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক আনিস মারা যান। এই ঘটনার পর নিহতের লাশ পানি উন্নয়ন বোর্ডের লোকজন তড়িঘড়ি করে গ্রামের বাড়িতে পাঠানোর চেষ্টা করলেও বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় আর সেটা সম্ভব হয়নি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রাহ্মবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হয়নি, তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
[b]ব্রাহ্মবাড়িয়া, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]