ঢাকা: বাড়ির ফটকে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও বের হতে না পেরে ক্ষুব্ধ কণ্ঠে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আবার বাসায় ফিরে গেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।  
এর আগে তিনি কয়েকটি টেলিভিশনের ক্যামেরার সামনে বলেন, “এই সরকার অবৈধ সরকার,অগণতান্ত্রিক সরকার। সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে তাদের বিদায় নেয়া উচিৎ।
পার্লামেন্ট এখনো ভেঙ্গে দেওয়া হয়নি। আমি বিরোধী দলীয় নেত্রী। আমাকে এভাবে অবরুদ্ধ করে রাখতে পারেন না। দেশের জনগণকে নিরাপত্তা দিন। তারা কষ্টে আছে।
এ বক্তব্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
রোববার নয়াপল্টনের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে ব্যর্থ হয়ে গুলশানে তার বাসার সামনে মোতায়েন পুলিশের কাছে তিনি এ আহবান ‍জানান।
এর আগে পূর্ব ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন খালেদা জিয়া। তিনি তার গাড়িতে এসে বসলে গাড়িটি স্টার্টও নেয়। কিন্তু পুলিশ তাকে বেরই হতে দেয়নি।
পরে গাড়ি থেকে নেমে পুলিশকে জননিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান তিনি।
জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ ধ্বংস হয়ে গেছে। দেশের এক অগণতান্ত্রিক স্বৈরচারী সরকারের শাসন চলছে।
এদিকে বিকল্পপথে খালেদা জিয়ার বাড়িতে পৌঁছে সংবাদ সংগ্রহ করেন সাংবাদিককেরা। কয়েকজন সাংবাদিক তার গাড়ির ওপর উঠেও সংবাদ সংগ্রহ করেন।
বিকল্প পথে সাংবাদিকরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির আশপাশে আজ রোববার সকাল থেকে সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছিল পুলিশ। তবে শেষ পর্যন্ত বিকল্প পথে খালেদা জিয়ার কাছে পৌঁছেছেন সাংবাদিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের দক্ষিণ-পূর্বপাশে একটি বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাংবাদিকদের একটি দল খালেদা জিয়ার বাড়ির সীমানাপ্রাচীরের কাছে যান। এ সময় খালেদা জিয়ার বাড়ির ভেতর থেকে তাঁদের জন্য একটি মই দেওয়া হয়। কয়েকজন সাংবাদিক সেই মই বেয়ে খালেদা জিয়ার বাড়িতে ঢোকেন। পরে তাঁরা খালেদা জিয়ার গাড়ির কাছে গিয়ে সংবাদ সংগ্রহ করেন।