চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কর্তব্যরত ৪ আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে সিভিল এভিয়েশন বিভাগ। লিবিয়াগামী যাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে তাদের সাময়িকভাবে বিমানবন্দরের আনসার ক্যাম্পে ক্লোজ করে রাখা হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে লিবিয়াগামী ফ্লাই দুবাই বিমানের কয়েকজন যাত্রীকে হয়রানি করে আনসার সদস্যরা।
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার নূর ই খোদা তারেক বলেন,যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাবার পর ৪ আনসার সদস্যকে ক্লোজ করে ক্যাম্পে রাখা হয়েছে। কাল (রোববার) তাদের আনসার হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বিকাল ৫টার দিকে লিবিয়াগামী কয়েকজন যাত্রী বিমানবন্দরে পৌঁছালে প্রবেশপথে তাদের আটকে দেন কর্তব্যরত আনসার সদস্যরা। যাত্রীদের বিভিন্নভাবে তারা হয়রানি শুরু করেন।
এক পর্যায়ে ৪ আনসার সদস্য তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেন। শেষ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা দিয়ে আনসার সদস্যদের কাছ থেকে ছাড়া পান এসব যাত্রী।
পরে তারা বিমানবন্দরে প্রবেশ করে সরাসরি সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপকের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। ব্যবস্থাপক অভিযুক্ত আনসারদের যাত্রীদের মুখোমুখি করেন এবং উভয়পক্ষের বক্তব্য শুনেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক নূর ই খোদা তারেক বলেন,যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে আনসার সদস্যরা তাদের বক্তব্য দিয়েছেন। কিন্তু সার্বিক বিষয় মিলিয়ে যাত্রী হয়রানির প্রমাণ পাওয়ায় আমি তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছি।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]