চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর থেকে যুবলীগ কর্মী আইনাল হোসেন (৩৫), আব্দুর রহমান (৩২) ও শামীম (৩৭) নামে তিন যুবলীগ কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তাদের স্বীকারোক্তী অনুযায়ী ১৪ টি দেশীয় অস্ত্র, ১১৮ বোতল ফেনসিডিল, লগ কাঠ, মোটর পাম্প, বন্দর থেকে লুটকৃত ৪ বস্তা সোয়াবিন, ভূষিমালামাল ও রেলপুলিশের ৪ সেট পোশাক উদ্ধার করা হয়।
সোমবার দুপুর ১ টার দিকে দর্শনা পাঠানপাড়াস্থ যুবলীগের ‘গোপন অফিস’ থেকে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়,  সোমবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা পাঠানপাড়ার মৃত রওশন কাসারীর ছেলে যুবলীগ কর্মী আইনাল হোসেন, আব্দুর রহমান ও বিল্লাল হোসেনের ছেলে শামীমকে আটক করা হয়।
তাদের স্বীকারোক্তী অনুযায়ী পাঠানপাড়াস্থ রেলওয়ের জায়গায় অবস্থিত যুবলীগের ‘গোপন আস্তানায়’ তল্লাশি করে ৫ টি চাপাতি, ২ টি ছোরা, ২ টি রামদা, ৪ টি শিকদা, ১ টা হুক, ১১৮ বোতল ফেনসিডিল, ১ লক্ষ টাকার কাঠের লগ, ১ টি মোটরপাম্প ও লুটকৃত ৪ বস্তা ভূষিমালসহ ৪ সেট রেলওয়ে নিরাপত্তা কর্মীদের  পোশাক উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ চক্রটি দীর্ঘ দিন ধরে দর্শনা রেলবন্দরে ভারত থেকে আমদানীকৃত মালামাল ওয়াগন ভেঙ্গে লুটপাট করে থাকে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]