নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনের মাদক সাম্রাজ্য সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ডে হানা দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায়নি।
শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ট্রাক স্ট্যান্ডে নূর হোসেনের মাদক সাম্রাজ্যে বিপুল পরিমান মাদক মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৮২৪ বোতল ফেন্সিডিল, বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেইস হ্যানিকেন বিয়ার, ও দুটি বড় ছুড়া  এবং ৩টি রামদা উদ্ধার করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় ট্রাক স্ট্যান্ড এলাকার আশপাশে উপস্থিত স্থানীয় লোকজন বলেন, অপরহণের পর নূর হোসেন পালিয়ে গেছে। পুলিশ এখন পর্যন্ত নূর হোসেনের কোন হদিস বের করতে পারেনি। তাই সাধারণ মানুষ ও মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘুরাতেই এমন উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এর আগে ৩ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে রক্তমাখা একটি কালো রঙের হাইএইস (ঢাকা মেট্রো-চ ১৫-০৫১০) গাড়ি জব্দ করেছে পুলিশ। এসময় মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে নূর হোসেনের বডিগার্ড, বাড়ির দাড়োয়ান ও কাজের লোক রয়েছেন। তবে  নূর হোসেন, তার ছোট ভাই জজ মিয়া, ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলসহ সহযোগীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]