নারায়নগঞ্জে চাঞ্চল্যকর সাত অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাবকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটির প্রধান শাজাহান আলী মোল্লা। আজ (বৃহস্পতিবার) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তদন্ত কমিটির প্রধানও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা আরও বলেন, এতবড় একটি ঘটনা তদন্তের জন্য অবশ্যই ঘটনাস্থল পরিদর্শন করা প্রয়োজন। তারই অংশ হিসেবে এখানে আসা।
র‌্যাবের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে কোন ধরনের বেগ পেতে হবে কীনা-সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মোল্লা জানান, প্রয়োজনে র‌্যাবকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এব্যাপারে কোন চাপ নেই।
তদন্তের স্বার্থে যেসব বিষয় বিবেচনায় আনা দরকার তার সবই আনা হবে এমন মন্তব্য করে তিনি নিহতদের পরিবারের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান।
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকেলে সাত সদস্যের এই কমিটি ঘটনাস্থল জেলার চর ধলেশ্বরীতে শীতলক্ষ্যা নদী পরিদর্শন করেন।  বিকেল সাড়ে চারটার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখান থেকে তাঁরা শীতলক্ষ্যা নদীর তীরে যেখানে লাশগুলো ভেসে ওঠে সেখানে যান।
সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন।
এ কমিটি অপহরণের সঙ্গে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখবে। এরপর সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করবে কমিটি।
নারায়ণগঞ্জের সাতজনকে হত্যার ঘটনায় ৬ কোটি টাকার লেনদেনের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামীম সরদার। এরপর আদালত এই আদেশ দেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]